রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে ইয়াছিন (৭) নামে এক ছেলে শিশু এবং অপরজন আনুমানিক আড়াই বছর বয়সী এক কন্যাশিশু। নিজেদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছুই বলতে পারছে না তারা।
ইয়াছিনের উচ্চতা প্রায় ৩ ফুট ৫ ইঞ্চি। গায়ের রং শ্যামলা। উদ্ধারকালে তার পরনে ছিল প্রিন্টের শার্ট। জিজ্ঞাসাবাদে সে শুধু বাবার নাম রাসেল ও মায়ের নাম আকাসী বলে জানাতে পেরেছে। এর বাইরে আর কোনো তথ্য দিতে পারেনি।
অন্যদিকে উদ্ধার হওয়া কন্যাশিশুটির উচ্চতা আনুমানিক ২ ফুট ৫ ইঞ্চি। গায়ের রং ফর্সা। তার পরনে ছিল ঘিয়ে রঙের ছাপাযুক্ত জামা। শিশুটি নিজের নাম-ঠিকানাসহ কোনো তথ্যই জানাতে পারেনি।
সোমবার (২৫ মে) যাত্রাবাড়ী থানার চৌরাস্তা এলাকায় কান্নারত অবস্থায় শিশু দুটিকে দেখতে পান পথচারীরা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
পুলিশ জানায়, শিশুদের জিজ্ঞাসাবাদ করেও সঠিক পরিচয় পাওয়া যায়নি। পরে নিরাপত্তার স্বার্থে তাদের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। বর্তমানে তারা সেখানেই রয়েছে।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর-২৮০৩; তারিখ-২৫/০৫/২০২৬।
শিশু দুটির পরিবারের সন্ধান পেলে তেজগাঁও থানা কমপ্লেক্সসংলগ্ন উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ। যোগাযোগের নম্বর: ০১৩২০০৪২০৫৫ এবং ০২৪১০২৪৮৪৮।
সূত্র : ডিএমপি নিউজ



