রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. মাহিম মিয়া (১৫) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে এ ঘটনা ঘটে।
নিহত মাহিম কিশোরগঞ্জ সদর উপজেলার বেতাল গ্রামের ফল ব্যবসায়ী দীন ইসলামের ছেলে। সে পরিবারসহ যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বসবাস করত এবং স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগে অধ্যয়নরত ছিল।
মাহিমের দুলাভাই মো. রাফি জানান, কাজলা স্কুল গলিতে অজ্ঞাত সন্ত্রাসীরা মাহিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে তারা কিছু জানাতে পারেননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।



