tanaka

ডিসেম্বর ঘিরে রাজনীতিতে নতুন উত্তেজনা চলছে নানা হিসাব-নিকাশ

বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত শব্দগুলোর একটি ‘ডিসেম্বর’। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে...
প্রচ্ছদসারাদেশযশোরে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, শাশুড়ির দায়ের কোপে ১৪ মামলার আসামি নিহত

যশোরে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, শাশুড়ির দায়ের কোপে ১৪ মামলার আসামি নিহত

যশোরে ঘরে ঢুকে হামলা ও পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শরিফুল ইসলাম জিতু (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। একাধিক হত্যাসহ ১৪টি মামলার আসামি জিতু শাশুড়ির দায়ের কোপে গুরুতর আহত হওয়ার পর ঢাকায় নেওয়ার পথে মারা যান।

বুধবার (২২ জুলাই) রাত ১১টার দিকে শহরের বারান্দীপাড়া ফুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিতু ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, জিতুর হামলায় একই পরিবারের শুকরান বেগম (৫২) ও তার ছেলে সুমন হোসেন ওরফে সুমন মিয়া (২৮) গুরুতর আহত হয়েছেন। তারা যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

হাসপাতালে চিকিৎসাধীন শুকরান বেগমের দাবি, বুধবার রাতে জিতু জোরপূর্বক তাদের বাড়িতে প্রবেশ করে সুমনের কাছে মাদক কেনার জন্য চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি সুমনকে মারধর করেন এবং চাকুর আঘাতে তার মুখের বাঁ পাশে জখম করেন। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে শুকরান বেগমকেও কুপিয়ে আহত করা হয়।

একপর্যায়ে জিতু ঘরের ভেতরে সুমনের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করেন শুকরান বেগম। এ সময় পুত্রবধূকে রক্ষা ও নিজেদের নিরাপত্তার জন্য তিনি ঘরে থাকা দা দিয়ে জিতুকে কোপ দেন।

পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় জিতুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুম বিল্লাহ জানান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে নড়াইলের কালনা সেতু এলাকায় জিতুর মৃত্যু হয়। পরে স্বজনরা মরদেহ যশোর জেনারেল হাসপাতালে নিয়ে এলে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়।

এদিকে আহত মা ও ছেলের শরীরে একাধিক সেলাই ও অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, নিহত জিতুর বিরুদ্ধে একাধিক হত্যাসহ বেশ কয়েকটি গুরুতর অপরাধের মামলা রয়েছে। ঘটনার সূত্রপাত ও বিস্তারিত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।