যশোর শহরের উপশহর পার্কসংলগ্ন এলাকায় পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন পাশের বস্তিবাসীরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর হঠাৎ বাসের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। কাছে গিয়ে দেখা যায়, বাসে কেউ নেই, তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। পরে বস্তিবাসীরা একত্র হয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাসটির সুপারভাইজার মাগুরার শ্রীপুর উপজেলার হান্নান খান বলেন, ‘রাহিন স্পেশাল’ নামের বাসটি যশোর-মাগুরা রুটে নিয়মিত চলাচল করে। ঘটনাস্থলে পার্কিং করে রাখা অবস্থায় দুর্বৃত্তরা বাসে আগুন দেয়। আগুনে সিট ও বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেলেও ইঞ্জিন অক্ষত রয়েছে।
স্থানীয়দের দাবি, পার্কিং করা বাসটির পাশে উপশহর বস্তি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তাদের তাৎক্ষণিক উদ্যোগে ভয়াবহ বিপর্যয় এড়ানো গেছে।
যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—ড্রাইভারের সিটের পাশের জানালা ভেঙে ভেতরে আগুন দেওয়া হয়েছে। ঘটনার সময় নাইটগার্ড পাশে চা খেতে গিয়েছিলেন এবং সুপারভাইজারও তখন বাইরে ছিলেন।
তিনি আরও জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।



