tanaka

তিনবেলা খাবার জুটত না, এখন শাহরুখ সেজে আয় ৫ লাখ রুপি!

একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই...
প্রচ্ছদজাতীয়যমুনায় নিরিবিলি সময় কাটাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস, ফিরছেন আগের কর্মস্থলে

যমুনায় নিরিবিলি সময় কাটাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস, ফিরছেন আগের কর্মস্থলে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ হওয়ার পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে কোথায় আছেন—এ নিয়ে জনমনে কৌতূহল রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর তিনি এখনো রাষ্ট্রীয় বাসভবন ‘যমুনা’-তেই অবস্থান করছেন এবং কিছুটা নিরিবিলি সময় কাটাচ্ছেন।

নিয়ম অনুযায়ী আরও তিন মাস যমুনায় থাকার সুযোগ থাকলেও তিনি আগেভাগেই বাসভবনটি ছেড়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এ প্রেক্ষিতে গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার যমুনা পরিদর্শন করেছে।

ঘনিষ্ঠ সূত্র জানায়, বর্তমানে তিনি পরিবারকে সময় দিচ্ছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবছেন। মাসখানেকের মধ্যে কিংবা ঈদের পর গুলশানে নিজ বাসভবনে ফেরার সম্ভাবনা রয়েছে, যদিও নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি। ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর থেকেই তিনি যমুনায় বসবাস করছিলেন।

এক ঘনিষ্ঠ সহযোগী জানান, আগের কর্মস্থল ইউনূস সেন্টার-এ ফেরার প্রস্তুতি হিসেবে তিনি নথিপত্র গুছিয়ে নিচ্ছেন এবং সাংগঠনিক বিষয়াদি পর্যালোচনা করছেন। পাশাপাশি অসুস্থ স্ত্রীসহ পরিবারের সদস্যদের সময় দিচ্ছেন। তরুণদের জন্য নতুন উদ্যোগ নেওয়ার কথাও ভাবছেন তিনি, যদিও এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

সংশ্লিষ্টরা জানান, তার দীর্ঘদিনের ‘থ্রি জিরো’—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণের—দর্শনের ভিত্তিতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সাজানো হতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

বিদেশ সফরের আমন্ত্রণও পেয়েছেন তিনি। এ সংক্রান্ত সমন্বয় করছেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর সাবেক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ। কোথায় সশরীরে অংশ নেবেন আর কোথায় ভার্চুয়ালি বক্তব্য দেবেন—তা নিয়েও কাজ চলছে। আগামী মাসে পাঁচ দিনের সফরে জাপান যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে; সফরের বিস্তারিত পরে জানানো হবে।

যমুনায় আগের মতো রাষ্ট্রীয় ব্যস্ততা না থাকলেও তিনি নিয়মিত সকালবেলা কম্পাউন্ডে হাঁটাহাঁটি করেন। নাশতার পর সকাল ১০টার দিকে কাজ শুরু করেন। কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছেন, যে কেউ দেখা করতে চাইলে যেন সুযোগ দেওয়া হয়। দায়িত্ব পালনকালে ব্যস্ততার কারণে যাদের সঙ্গে দেখা করা সম্ভব হয়নি, এখন তাদের সঙ্গেও কথা বলতে আগ্রহী তিনি। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে সাক্ষাৎ করে অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন।

দিন শেষে পরিবারের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন ড. ইউনূস। অফিসের কাজ শেষে অসুস্থ স্ত্রীর পাশে থাকেন, বিকেলে আবার হাঁটাহাঁটি করেন। সন্ধ্যায় ঘনিষ্ঠজনদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি মেয়ের দুই বিড়াল ‘মিনু’ ও ‘কায়রো’র সঙ্গেও সময় দেন।

এদিকে জানা গেছে, সদ্য বিদায়ী এই প্রধান উপদেষ্টা তার কূটনৈতিক (লাল) পাসপোর্ট ইতোমধ্যে হস্তান্তর করেছেন। সরকারের মেয়াদকাল শেষ হওয়ার আগেই তিনি পাসপোর্টটি জমা দেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর গত ১২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেন তিনি।