রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের ৪ নম্বর রোডে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রাসেল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বিপ্লব নামের আরও একজন আহত হয়েছেন।
শনিবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। আহত বিপ্লবকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ওসমান (মাসুম) বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা রাসেল ও বিপ্লবকে গুরুতর আহত অবস্থায় পাই। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।”
তিনি আরও জানান, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং আহত বিপ্লবের কাছ থেকেও তথ্য নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, চন্দ্রিমা বাজারের পাশে মুরগির দোকান বসানোকে কেন্দ্র করে বাবু ও বিপ্লবের মধ্যে বিরোধ চলছিল।



