ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে লিওনেল মেসির বিপক্ষে খেলার সুযোগকে ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে দেখছেন ইংল্যান্ডের তরুণ লেফট-ব্যাক নিকো ও’রাইলি।
নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে থমাস টুখেলের ইংল্যান্ড। অন্যদিকে, অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার আটলান্টায় জমবে দুই দলের মহারণ।
২১ বছর বয়সী ম্যানচেস্টার সিটির এই ডিফেন্ডার গত নভেম্বরে ইংল্যান্ড জাতীয় দলে অভিষেক করেন। তবে এর আগে ক্লাব কিংবা দেশের হয়ে কখনোই মেসির বিপক্ষে মাঠে নামার সুযোগ হয়নি তার। তাই আর্জেন্টিনার অধিনায়কের মুখোমুখি হওয়াকে বিশেষ এক অভিজ্ঞতা হিসেবে দেখছেন তিনি।
বিবিসি রেডিও ফাইভ লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে ও’রাইলি বলেন, “আমি এই মুহূর্তটির জন্য মুখিয়ে আছি। এটা জীবনে একবার পাওয়া সুযোগ। মেসি তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে রয়েছেন। আমার কাছে তিনি ফুটবল মাঠে নামা সর্বকালের সেরা খেলোয়াড়। তাই এমন একজনের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে আমি দারুণ রোমাঞ্চিত।”
মেসির মতো কিংবদন্তির বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে লড়াই করার সুযোগ তরুণ এই ইংলিশ ডিফেন্ডারের ক্যারিয়ারে নিঃসন্দেহে বিশেষ এক অধ্যায় হয়ে থাকবে।



