tanaka
প্রচ্ছদখেলামেলবোর্ন স্টারসের কাছে হেরে টপ এন্ড টি-টোয়েন্টি থেকে বাংলাদেশের বিদায়

মেলবোর্ন স্টারসের কাছে হেরে টপ এন্ড টি-টোয়েন্টি থেকে বাংলাদেশের বিদায়

ডারউইনে অনুষ্ঠিত টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে মেলবোর্ন স্টারসের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। যদিও গ্রুপ পর্বে তাদের আর একটি ম্যাচ বাকি রয়েছে, তবে সেই ম্যাচে জয় পেলেও টুর্নামেন্টের ফলাফলে কোনো পরিবর্তন আসবে না।

বৃহস্পতিবার টসে জিতে প্রথমে ব্যাটিং করে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল ৮ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে। জবাবে ৪ বল হাতে রেখেই ৭ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে মেলবোর্ন স্টারস।

পুরো টুর্নামেন্টজুড়েই ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে হারের পর নেপালের বিপক্ষে জয় পেলেও, পরবর্তীতে পার্থ স্কর্চার্স একাডেমি ও মেলবোর্ন স্টারসের বিপক্ষে হেরে যায় দলটি। যদিও নর্দার্ন টেরিটরি স্ট্রাইককে হারিয়ে কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বিদায় নিতে হয় গ্রুপ পর্ব থেকেই।

এদিন ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন সাইফ হাসান। অধিনায়ক নুরুল হাসান ২৭ বলে করেন ৩৩ রান এবং ইয়াসির আলী ১৭ বলে যোগ করেন ২৯ রান। ওপেনার নাঈম শেখ ও জিসান আলম করেন যথাক্রমে ১৯ ও ১৩ রান।

মেলবোর্ন স্টারসের জয়ে বড় ভূমিকা রাখেন জনাথন মার্লো। মাত্র ৩৮ বলে ৬১ রানের ঝড়ো ইনিংসে ৪টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান মাহমুদ ও রাকিবুল হাসান দুটি করে উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট শিকার করেন মুশফিক হাসান ও তোফায়েল আহমেদ।