ঢাকার মুগদা এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী। রোববার (২৪ আগস্ট) দিবাগত রাত প্রায় পৌনে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থীর নাম সামিয়া (১৫), সে উত্তর মান্ডা এলাকার বাসিন্দা ও মুগদা মাল্টিমিডিয়া স্কুলের দশম শ্রেণির ছাত্রী।
তার ভাই সাহিম জানান, সামিয়া কিছুটা রাগী স্বভাবের ছিল। গত রাতে একটি তুচ্ছ বিষয় নিয়ে মা তাকে বকাঝকা করেন। এতে অভিমান করে সে ইঁদুর মারার বিষপান করে। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ঢামেকে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকরা জানান, সে আগেই মারা গেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মিয়া জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মুগদা থানা পুলিশকে জানানো হয়েছে।



