ভারতের উত্তর প্রদেশের বুলন্দশহরে গভীর রাতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা ১০ মিনিটে কাসগঞ্জ জেলা থেকে রাজস্থানের উদ্দেশ্যে যাত্রারত তীর্থযাত্রীদের বহনকারী একটি ট্র্যাক্টর-ট্রলিকে পেছন থেকে দ্রুতগতির একটি কনটেইনার ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলিটি উল্টে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
বুলন্দশহরের সিনিয়র পুলিশ সুপার দিনেশ কুমার সিং জানান, নিহতদের মধ্যে একজন শিশু ও দুইজন নারী রয়েছেন। নিহতরা হলেন: ট্র্যাক্টর চালক ই ইউ বাবু (৪০), রামবেতি (৬৫), চাঁদনি (১২), ঘনিরাম (৪০), মোক্ষি (৪০), শিবাংশ (৬), যোগেশ (৫০) এবং বিনোদ (৪৫)। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং স্বজনদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা।
পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে অন্তত ১২ জন শিশু রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়েছে, বাকিরা স্থিতিশীল রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে জেলা ম্যাজিস্ট্রেট ও এসএসপিসহ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। ট্রলিটি সরিয়ে নেওয়া হয়েছে এবং কনটেইনার ট্রাকটিকে জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনাটি নিয়ে ইতোমধ্যে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



