ঘটনাবহুল একটি দিন পার করেছে দেশের ক্রীড়াঙ্গন। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে ক্রিকেটারদের সর্বাত্মক বয়কটের কারণে মাঠে গড়ায়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কোনো ম্যাচ। শেষ পর্যন্ত নাজমুলের পদত্যাগের পর চলমান বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়।
এমন উত্তপ্ত দিনে মিরপুর স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনাও ঘটে। সূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টায় চট্টগ্রাম ও নোয়াখালীর মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ক্রিকেটারদের বয়কটের কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়, টস পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। এমনকি কোনো খেলোয়াড়ই মাঠে আসেননি।
এর ফলে স্টেডিয়ামের ভেতরে ও বাইরে উপস্থিত দর্শকদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কিছু মানুষ স্টেডিয়ামের গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। পরে স্টেডিয়ামের সামনে বিসিবির বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয়। বিপিএলের বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়, পাশাপাশি স্টেডিয়ামের ভেতরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে সেনাবাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করেন এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।



