সরকারি অনুমোদন ছাড়াই মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ও রিপোর্ট দেওয়ার অভিযোগে রাজধানীর পল্টনের ‘হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার’ সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২ অক্টোবর ২০২৬) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) পল্টনের বক্স কালভার্ট রোডে অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
অভিযানকালে প্রতিষ্ঠানটির নিজস্ব ডাটাবেস পর্যালোচনা করে দেখা যায়, ২০ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ১৪ জন মালয়েশিয়াগামী ব্যক্তির মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করে তাদের রিপোর্ট দেওয়া হয়েছে। তবে এসব মেডিক্যাল কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানটির কোনো সরকারি অনুমোদন ছিল না বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এ ছাড়া একই ভবনে ‘হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার’-এর সাইনবোর্ডের পাশাপাশি ‘সামিহা ডায়াগনস্টিক সেন্টার’ নামে আরেকটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যবহার করে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে মন্ত্রণালয়।
পরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে এবং ১ অক্টোবরই সেটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেয়।
এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বৈদেশিক কর্মসংস্থান খাতে অনিয়ম, প্রতারণা ও অনুমোদনহীন কার্যক্রমের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মালয়েশিয়াগামী কর্মীদের নিয়ে কোনো প্রতিষ্ঠানকে প্রতারণার সুযোগ দেওয়া হবে না।
তিনি আরও বলেন, ভুয়া বা প্রতারণামূলকভাবে বিদেশগমনে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল রিপোর্ট দেওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কর্মীদের স্বার্থ রক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের ঝটিকা অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম সারা দেশে অব্যাহত থাকবে।



