tanaka
প্রচ্ছদসারাদেশমারধরের অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের

মারধরের অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় সড়ক অবরোধ করে তারা এ কর্মসূচি শুরু করেন। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

মারধরের শিকার শিক্ষার্থীর নাম রমযান আলী। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী।

শিক্ষার্থীদের অভিযোগ, বুধবার সন্ধ্যায় টিউশনিতে যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকা থেকে একটি রিকশায় ওঠেন রমযান। এ সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি রিকশাচালককে লাঠি দিয়ে আঘাত করতে গেলে লাঠির আঘাত লাগে রমযানের শরীরে। পরে এ বিষয়ে ওই ব্যক্তির কাছে জানতে চাইলে উল্টো রমযানকে কয়েক দফা মারধর করা হয়। একপর্যায়ে ঘটনার প্রতিবাদ করায় তাকে একটি কক্ষে নিয়ে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের ৫৩তম আবর্তনের শিক্ষার্থীরা ডেইরি গেট এলাকায় জড়ো হন। পরে তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ও প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করার কাজ চলছে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে এবং বিষয়টি সমাধানে একটি টিম কাজ করছে।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে আশুলিয়ার বিশমাইল এলাকায় কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। এখনো অবরোধ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।’

প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি চলছিল।