বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা এবং তাঁর প্রত্যর্পণের বিষয়ে করা বাংলাদেশের আবেদনকে দুটি পৃথক বিষয় হিসেবে দেখছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ বিদ্যমান আইনি প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে। তবে তিনি স্বেচ্ছায় দেশে ফিরতে চাইলে সে ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা সময়সীমা জানায়নি ভারত সরকার।
বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে এ অবস্থানের কথা জানান। তাঁর বক্তব্যে স্পষ্ট হয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত আবেদন এবং তাঁর ব্যক্তিগতভাবে দেশে ফেরার ইচ্ছাকে আলাদাভাবে বিবেচনা করছে নয়াদিল্লি।
রণধীর জয়সওয়াল বলেন, ‘প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসারে প্রত্যর্পণের অনুরোধটি পরীক্ষা করা হচ্ছে। তবে কোনো নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরতে চাইলে সেটি প্রত্যর্পণের আবেদন থেকে ভিন্ন বিষয়।’
বিষয়টি শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বলেও মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তবে প্রত্যর্পণের আবেদন পর্যালোচনা শেষে কবে নাগাদ সিদ্ধান্ত জানানো হতে পারে, সে বিষয়ে কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে দুই বছরের বেশি সময় ধরে অবস্থান করার পর আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন শেখ হাসিনা। এ জন্য পাসপোর্টের মতো প্রয়োজনীয় ভ্রমণ নথি সরবরাহ এবং রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে দেশে ফেরার ব্যবস্থা করার অনুরোধও জানিয়েছেন তিনি।
তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বাংলাদেশের অবস্থান ভিন্ন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটের যাত্রী হিসেবে শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করার অনুরোধ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, শেখ হাসিনা সাধারণ বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন। তাঁকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, একজন ‘সন্ত্রাসীকে’ প্রত্যর্পণ ছাড়া দেশে ফিরতে দেওয়া হবে না। শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা প্রকাশকে বাস্তব পরিস্থিতির সঙ্গে অসংগতিপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে মঙ্গলবার শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, বাংলাদেশের বিজয় দিবস ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। এর আগে টানা ১৫ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
এদিকে বাংলাদেশ সরকার জানিয়েছে, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হবে। অন্য যেকোনো দণ্ডপ্রাপ্ত আসামির মতোই তাঁর বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
২০২৪ সালে আন্দোলন দমনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন শেখ হাসিনা। একই সঙ্গে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতেও তিনি রাজি বলে জানিয়েছেন।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া ও রয়টার্স



