tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকবাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের ওপর বিদ্যমান শুল্কের অতিরিক্ত সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে নির্দিষ্ট কিছু পণ্যকে প্রস্তাবিত শুল্কের আওতামুক্ত রাখার কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্র।

শিল্প খাতে কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা বজায় রাখা এবং উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখার অভিযোগে বাংলাদেশসহ ১৪টি অর্থনীতির বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে ইউএসটিআর জানায়, যুক্তরাষ্ট্রের ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় তদন্ত শেষে ১৪টি অর্থনীতির উৎপাদন খাতসংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ড, নীতি ও চর্চাকে অযৌক্তিক হিসেবে চিহ্নিত করেছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। এসব কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের বাণিজ্যকে বাধাগ্রস্ত বা সীমিত করছে বলে মনে করে ওয়াশিংটন। এ কারণে আইনের ৩০১(বি) ধারায় সংশ্লিষ্ট দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

তদন্তের আওতায় থাকা ১৪টি অর্থনীতি হলো—চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারত। তবে মেক্সিকো ও নরওয়ের বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র। প্রতিটি অর্থনীতির বিষয়ে আলাদা তদন্ত প্রতিবেদনও প্রকাশ করেছে ইউএসটিআর।

বাংলাদেশের বিরুদ্ধে যেসব অভিযোগ

বাংলাদেশের বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে ইউএসটিআর বলেছে, দেশের উৎপাদন খাত, বিশেষ করে গুরুত্বপূর্ণ শিল্প খাতগুলোর সম্প্রসারণ ও উৎপাদন সক্ষমতা ধরে রাখতে বিভিন্ন শিল্প পরিকল্পনা রয়েছে। উৎপাদন ও রপ্তানি বাড়াতে প্রণোদনা প্রদান, শ্রমিকদের সুরক্ষায় অপর্যাপ্ত ব্যবস্থা, আর্থিক খাতে নিয়ন্ত্রণমূলক নীতি এবং বাজারভিত্তিক নয় এমন অর্থনীতি থেকে আমদানি ও সরাসরি বিদেশি বিনিয়োগের মাধ্যমে বৈশ্বিক অতিরিক্ত উৎপাদন সক্ষমতা মোকাবিলায় ব্যর্থতাকে বাংলাদেশের অযৌক্তিক কর্মকাণ্ড, নীতি ও চর্চা হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

ইউএসটিআরের দাবি, এসব নীতি ও চর্চার ফলে বাংলাদেশ এবং তৃতীয় দেশের বাজারে মার্কিন উৎপাদক ও রপ্তানিকারকদের বাণিজ্যিক সুযোগ সংকুচিত হচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের উৎপাদন, রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাজারভিত্তিক নয় এমন অর্থনীতি থেকে আমদানি করা উপকরণের ওপর নির্ভরতা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক ও পোশাকসামগ্রী খাতের ক্ষেত্রে বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে।

শুল্ক আরোপের প্রস্তাব

বাংলাদেশের এসব কর্মকাণ্ড, নীতি ও চর্চা বন্ধে উপযুক্ত পদক্ষেপ হিসেবে দেশটি থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা সব পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে ইউএসটিআর। তবে এ শুল্ক নির্ধারণের ক্ষেত্রে আগে থেকে কার্যকর ৩০১ ধারার শুল্ক বাদ দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট কিছু পণ্যকে প্রস্তাবিত শুল্কের আওতামুক্ত রাখার প্রস্তাবও রয়েছে।

সংস্থাটি জানিয়েছে, প্রস্তাব তৈরির সময় আগে থেকে কার্যকর ৩০১ ও ২৩২ ধারার শুল্ক, তদন্তের বিষয়গুলো নিয়ে বাংলাদেশের সঙ্গে চলমান আলোচনা এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পারস্পরিক বাণিজ্য চুক্তিতে থাকা বিভিন্ন প্রতিশ্রুতি বিবেচনায় নেওয়া হয়েছে।

যা বললেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি

মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের অনেক বাণিজ্যিক অংশীদার এমন শিল্প কৌশল গ্রহণ করেছে, যার মাধ্যমে উৎপাদন খাতকে লক্ষ্যবস্তু করা, মজুরি ও শ্রমিকের অধিকার দমন, আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান এবং বাজারভিত্তিক নয় এমন অর্থনীতির উপকরণ ব্যবহারের মাধ্যমে বাণিজ্য ভারসাম্য নিজেদের অনুকূলে নেওয়া হয়েছে। পাশাপাশি বাজার বিকৃত করে এমন বিভিন্ন চর্চার কারণে যুক্তরাষ্ট্রের উৎপাদনভিত্তি দুর্বল হয়েছে।

তিনি আরও বলেন, ২০১৬ সাল থেকে ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, শি জিনপিং ও ইমানুয়েল মাখোঁর মতো বিশ্বনেতারা কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও উৎপাদনকে বৈশ্বিক অর্থনীতির জন্য হুমকি হিসেবে স্বীকার করেছেন। কিন্তু জি-৭, জি-২০, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) এবং অন্যান্য আন্তর্জাতিক ফোরামে ধারাবাহিকভাবে এ বিষয়ে বিবৃতি দেওয়া হলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি।

গ্রিয়ারের ভাষ্য, এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যায্য কর্মকাণ্ড, নীতি ও চর্চা বন্ধে পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করছেন। এর মাধ্যমে মার্কিন শ্রমিকদের জন্য সমান প্রতিযোগিতার পরিবেশ তৈরি এবং বিশ্ব অর্থনীতির জন্য আরও টেকসই পথ নির্ধারণ করা সম্ভব হবে বলে মনে করে ট্রাম্প প্রশাসন।

সূত্র: যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)।