tanaka
প্রচ্ছদজাতীয়রমজানের আগে খেজুর, আপেল ও কমলার শুল্ক কমাল এনবিআর

রমজানের আগে খেজুর, আপেল ও কমলার শুল্ক কমাল এনবিআর

আসন্ন রমজানে খেজুর, আপেল ও কমলার দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এসব ফল আমদানিতে শুল্ক-কর কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এনবিআরের জারি করা পৃথক প্রজ্ঞাপনে শুল্ক-কর কমানোর এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত খেজুর আমদানিতে নতুন শুল্কহার কার্যকর থাকবে। এতে খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হয়েছে। ফলে ফলটি আমদানিতে মোট করভার ৪৮ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ২৫ শতাংশে।

অন্যদিকে, আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি সম্পূরক শুল্ক ও ভ্যাট ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। নতুন এ সিদ্ধান্তের ফলে ফল দুটি আমদানিতে মোট শুল্ক-কর ১২১ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশে নেমে আসবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আপেল ও কমলার ক্ষেত্রে শুল্ক-কর ছাড়ের নতুন হার ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

এনবিআরের আশা, শুল্ক কমানোর ফলে এসব ফলের আমদানি ও সরবরাহ বাড়বে। এতে রমজানে বাজারে ফলগুলোর দাম কমার পাশাপাশি ভোক্তাদের ওপর আর্থিক চাপও কিছুটা কমবে।

আমদানিনির্ভর এসব ফলের শুল্ক কমানোর বিষয়ে কয়েক দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

এদিকে, রাজধানীর বাজারে বর্তমানে মানভেদে প্রতি কেজি খেজুর ২০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আপেলের দাম প্রতি কেজি ৩০০ থেকে ৫০০ টাকা এবং কমলার দাম ৪০০ থেকে ৬০০ টাকা। শুল্ক কমানোর সিদ্ধান্তের সুফল বাজারে কতটা প্রতিফলিত হয়, এখন সেটিই দেখার বিষয়।