দেশের ২০ হাজার মাধ্যমিক বিদ্যালয়ের তিন লাখ মেধাবী ছাত্রীর মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীরা এ সুবিধা পাবে। তবে বিদ্যালয়ের সব ছাত্রী নয়, প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের একটি করে বাইসাইকেল দেওয়া হবে।
মেয়েদের শিক্ষায় অংশগ্রহণ বাড়ানো, বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিচে ছাত্রীদের জন্য নির্ধারিত কয়েক ধরনের বাইসাইকেলের নমুনা পরখ করে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি নিজেই বাইসাইকেলগুলো চালিয়ে সেগুলোর গুণগত মান ও ব্যবহারিক উপযোগিতা যাচাই করেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।
কারা পাবেন বিনামূল্যের বাইসাইকেল?
সরকারের এ কর্মসূচির আওতায় দেশের ২০ হাজার মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে।
বাইসাইকেল বিতরণের ক্ষেত্রে শিক্ষার্থীদের মেধাক্রমকে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রীরা এ সুবিধা পাবে।
অর্থাৎ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম—প্রতিটি শ্রেণির প্রথম তিনজন মেধাবী ছাত্রী একটি করে বাইসাইকেল পাবে।
কীভাবে পাওয়া যাবে বাইসাইকেল?
শিক্ষার্থীদের জন্য সরকারের বিশেষ উপহার হিসেবে এ বাইসাইকেল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে। দেশের ২০ হাজার মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমে সুবিধাভোগী ছাত্রীদের নির্বাচন করা হবে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, বিদ্যালয়ভিত্তিক ফলাফলের ভিত্তিতে প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা বাইসাইকেল পাওয়ার জন্য নির্বাচিত হবে।
তবে এ সুবিধা পেতে শিক্ষার্থীদের আলাদাভাবে আবেদন করতে হবে কি না, কী কী কাগজপত্র প্রয়োজন হবে, কোন সময়ের পরীক্ষার ফলাফল বিবেচনায় নেওয়া হবে এবং কবে থেকে বাইসাইকেল বিতরণ শুরু হবে—এসব বিষয়ে বিস্তারিত নির্দেশনা এখনো প্রকাশ করা হয়নি। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক নির্দেশনার অপেক্ষা করতে হবে।
কেন তিন লাখ ছাত্রীকে দেওয়া হচ্ছে বাইসাইকেল?
মেয়েদের শিক্ষায় অংশগ্রহণ বাড়ানো, বিদ্যালয়ে যাতায়াতের প্রতিবন্ধকতা কমানো এবং মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়ার হার নিয়ন্ত্রণে রাখাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
বিশেষ করে দূরবর্তী এলাকা থেকে বিদ্যালয়ে যাতায়াত করা ছাত্রীদের জন্য বাইসাইকেল কার্যকর সহায়ক হতে পারে। এতে তাদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি সময় ও খরচও সাশ্রয় হবে। একই সঙ্গে মেধাবী ছাত্রীদের পড়াশোনায় উৎসাহিত করতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বাইসাইকেলের নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
ছাত্রীদের জন্য সরবরাহের পরিকল্পনা করা বাইসাইকেলের গুণগত মান ও ব্যবহারিক দিক যাচাই করতে বুধবার সকালে কয়েক ধরনের নমুনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই বাইসাইকেলগুলো চালিয়ে দেখেন।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের ২০ হাজার মাধ্যমিক বিদ্যালয়ের তিন লাখ মেধাবী ছাত্রী বিনামূল্যে বাইসাইকেল পাবে। তবে বিতরণ শুরুর সময় ও সুবিধা পাওয়ার বিস্তারিত প্রক্রিয়া শিক্ষা মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশনায় স্পষ্ট হবে।



