tanaka
প্রচ্ছদরাজনীতিশফিকুর রহমানকে নিয়ে অস্ট্রেলীয় পত্রিকার প্রতিবেদন, জামায়াতের প্রতিবাদ

শফিকুর রহমানকে নিয়ে অস্ট্রেলীয় পত্রিকার প্রতিবেদন, জামায়াতের প্রতিবাদ

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য অস্ট্রেলিয়ান’-এ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনকে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। প্রতিবেদনটি প্রত্যাহার, সংশোধনী প্রকাশ এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে দলটি। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, সংসদ-অনুমোদিত একটি সরকারি সফরের দিনেই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এটি কাকতালীয় নয়; বরং বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিরোধী দলকে আন্তর্জাতিক অঙ্গনে হেয় করার পরিকল্পিত প্রচেষ্টা।

প্রতিবেদনে ডা. শফিকুর রহমানের কাছে মন্তব্য চাওয়া হলেও তিনি সাড়া দেননি বলে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য বলে উল্লেখ করেন মিয়া গোলাম পরওয়ার। তাঁর ভাষ্য, প্রতিবেদন প্রকাশের আগে ডা. শফিকুর রহমানের কার্যালয়, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কিংবা সফরসঙ্গীদের কারও সঙ্গে যোগাযোগ করা হয়নি। বক্তব্য না নিয়েই তিনি জবাব দেননি বলে উল্লেখ করা সাংবাদিকতার মৌলিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন।

ফিলিস্তিন ইস্যুতে জামায়াত আমিরের অবস্থান তুলে ধরে বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও মর্যাদার পক্ষে অবস্থান বিশ্বের অসংখ্য সরকার ও জনগণের। এ অবস্থানকে সন্ত্রাসবাদের সমর্থন হিসেবে উপস্থাপন করা উদ্দেশ্যমূলক বিকৃতি। ডা. শফিকুর রহমান জাতি-ধর্ম নির্বিশেষে বেসামরিক মানুষের ওপর যেকোনো ধরনের হামলার বিরোধী।

কর্মজীবী নারীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিতর্কিত পোস্টের বিষয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, পোস্টটি ডা. শফিকুর রহমান নিজে লেখেননি। তাঁর অ্যাকাউন্ট হ্যাক করে সেটি প্রকাশ করা হয়েছিল। এ-সংক্রান্ত প্রমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জমা দেওয়া হয়েছে এবং ঘটনায় একজন গ্রেপ্তারও হয়েছেন বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, এসব তথ্য উপেক্ষা করে প্রতিবেদনে জামায়াত আমিরকে নারীবিদ্বেষী হিসেবে চিত্রিত করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে প্রতিবেদনে উপস্থাপিত বক্তব্যেরও সমালোচনা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, পতিত সরকারের আমলে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ার ন্যায্যতা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন বিশেষজ্ঞ ও জাতিসংঘের বিভিন্ন সংস্থা গুরুতর প্রশ্ন তুলেছে। যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের একটি রায়েও এ-সংক্রান্ত প্রশ্ন উঠে এসেছে। এমন পরিস্থিতিতে ওই বিচারপ্রক্রিয়ার রায়কে প্রশ্নাতীত ইতিহাস হিসেবে উপস্থাপন করে ডা. শফিকুর রহমানকে ব্যক্তিগতভাবে দায়ী করার চেষ্টা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, পুরো প্রতিবেদনটি একজন অভিবাসন প্রতিনিধির ভিসা বাতিলের আবেদনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। ওই ব্যক্তি শেখ মুজিব ও তাঁর পরিবারের প্রশংসামূলক চলচ্চিত্র ‘বাবা’র রচয়িতা ও পরিচালক বলে জানা গেছে। তবে প্রতিবেদনে পাঠকদের কাছে তাঁর রাজনৈতিক পরিচয় গোপন রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, যারা ফ্যাসিবাদের অবসানে লড়াই করেছেন, তাঁদের ‘উগ্রবাদী’ হিসেবে চিত্রিত করে চরিত্রহননের চেষ্টা পতিত স্বৈরাচারের পুরোনো বয়ানেরই পুনরাবৃত্তি।

এদিকে ডা. শফিকুর রহমানের পক্ষে তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) এমপি অস্ট্রেলীয় সংবাদমাধ্যমটির প্রকাশককে ‘কনসার্নস নোটিশ’ পাঠিয়েছেন। অস্ট্রেলিয়ার ডিফেমেশন অ্যাক্ট ২০০৫ (এনএসডব্লিউ)-এর ১২এ ধারা অনুযায়ী ন্যাশনওয়াইড নিউজ পিটিওয়াই লিমিটেডকে এ নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে প্রতিবেদনটির সাতটি মানহানিকর ইঙ্গিত চিহ্নিত করে সেগুলো সংশোধন ও প্রত্যাহার, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। তবে সেই স্বাধীনতা মিথ্যা প্রচারের লাইসেন্স হতে পারে না। তিনি ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতি অবিলম্বে প্রতিবেদনটি প্রত্যাহার, ডা. শফিকুর রহমানের বক্তব্য প্রকাশ এবং প্রকাশ্যে সংশোধনী দিয়ে ক্ষমা চাওয়ার দাবি জানান।

অন্যথায় দলটি সব ধরনের আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।