সাত জেলার পুলিশ সুপারসহ (এসপি) পুলিশ বাহিনীর ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল এনেছে সরকার। বদলি ও নতুন পদায়নের মাধ্যমে এসব কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রদবদলের আওতায় থাকা ১৪ কর্মকর্তার সবাই পুলিশ সুপার পদমর্যাদার।
প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেনকে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। তার স্থলে সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার আমিরুল ইসলাম।
একইভাবে লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে টুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার হারুন অর রশিদ।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মো. তৌহিদুল আরিফকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, খুলনার বর্তমান পুলিশ সুপার সরকার ওমর ফারুককে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় বদলি করা হয়েছে। তার স্থানে দায়িত্ব পেয়েছেন এপিবিএনের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের।
ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে অবস্থিত এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন গাইবান্ধার বর্তমান পুলিশ সুপার মো. জসিম উদ্দিন। আর গাইবান্ধার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকার স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম।
এ ছাড়া খুলনা মহানগর পুলিশের উপকমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ কার্যালয়ে বদলি করা হয়েছে। এপিবিএনের পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে চট্টগ্রাম মহানগর পুলিশে পদায়ন করা হয়েছে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে। তার স্থলে নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার ছুফি উল্লাহ।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমানসহ পুলিশের আরও ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।



