বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বিপরীতে, আন্তর্জাতিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ৯১তম। আর্টন ক্যাপিটাল প্রকাশিত ২০২৬ সালের রিয়েল-টাইম পাসপোর্ট সূচকে এ তথ্য উঠে এসেছে।
আন্তর্জাতিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান আর্টন ক্যাপিটালের ‘গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র্যাংক’ অনুযায়ী, ১৮২ মোবিলিটি স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ইউএই। দেশটির পাসপোর্টধারীরা ১৩৮টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। এ ছাড়া আরও ৪৪টি গন্তব্যে অন-অ্যারাইভাল ভিসা অথবা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের (ইটিএ) সুবিধা পান।
শীর্ষ পাঁচে যেসব দেশ
সূচকে ১৭৫ স্কোর নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর ও মালয়েশিয়া। ১৭৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে স্পেন।
চতুর্থ অবস্থানে রয়েছে জাপানসহ ইউরোপের ১৬টি দেশ। দেশগুলোর প্রত্যেকের স্কোর ১৭৩। এগুলো হলো বেলজিয়াম, লুক্সেমবার্গ, ফ্রান্স, ডেনমার্ক, জার্মানি, সুইডেন, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, ইতালি, সুইজারল্যান্ড, গ্রিস, পর্তুগাল, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, নরওয়ে ও আয়ারল্যান্ড।
অন্যদিকে, ১৭২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে মাল্টা।
পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান
আর্টন ক্যাপিটালের গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র্যাংকে ৯১তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। একই অবস্থানে রয়েছে দক্ষিণ সুদান ও ইরিত্রিয়া।
তবে ১৯৯টি দেশ ও অঞ্চলকে পৃথকভাবে ক্রমানুসারে সাজানো ইন্ডিভিজুয়াল র্যাংকে বাংলাদেশের অবস্থান ১৯০তম।
সূচকের তথ্য অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ১৫টি দেশে ভ্রমণ করতে পারেন। পাশাপাশি ২৮টি গন্তব্যে পৌঁছে অন-অ্যারাইভাল ভিসা পাওয়ার সুযোগ রয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল পাসপোর্ট সূচকে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। এ অঞ্চলে বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে শুধু পাকিস্তান ও আফগানিস্তান।
যেভাবে নির্ধারণ করা হয় পাসপোর্টের শক্তি
আর্টন ক্যাপিটালের পাসপোর্ট সূচকে বিভিন্ন দেশের পাসপোর্টের শক্তি নির্ধারণে ভিসামুক্ত প্রবেশ, অন-অ্যারাইভাল ভিসা, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) এবং তিন দিনের মধ্যে পাওয়া যায় এমন ই-ভিসার সুবিধা বিবেচনা করা হয়।
প্রতিষ্ঠানটি গ্লোবাল র্যাংক ও ইন্ডিভিজুয়াল র্যাংক—এই দুই ধরনের তালিকা প্রকাশ করে। গ্লোবাল র্যাংকে একই স্কোর পাওয়া দেশগুলোকে যৌথ অবস্থানে রাখা হয়। অন্যদিকে, ইন্ডিভিজুয়াল র্যাংকে প্রতিটি দেশ ও অঞ্চলকে আলাদা ক্রমিক অবস্থান দেওয়া হয়।
উল্লেখ্য, আর্টন ক্যাপিটালের পাসপোর্ট সূচক নিয়মিত হালনাগাদ করা হয়। এ সূচকের হিসাব পদ্ধতি হেনলি পাসপোর্ট ইনডেক্সের চেয়ে কিছুটা আলাদা। এ কারণে একই দেশের অবস্থান দুই সূচকে ভিন্ন হতে পারে।
সূত্র: আর্টন ক্যাপিটাল



