যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের উপকূলে মেক্সিকো উপসাগরে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন কোস্টগার্ড।
কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, বিধ্বস্ত উড়োজাহাজটির ধ্বংসাবশেষ থেকে ছয় আরোহীর মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারী দলের ডুবুরিরা। নিহতদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক এবং ৮ ও ১০ বছর বয়সী দুই শিশু রয়েছে।
কর্মকর্তারা জানান, সেসনা-২১০ মডেলের উড়োজাহাজটি মিসিসিপির প্যাসকাগুলা শহর ও হর্ন আইল্যান্ডের মধ্যবর্তী মেক্সিকো উপসাগরে বিধ্বস্ত হয়। হর্ন আইল্যান্ড গালফ আইল্যান্ডস ন্যাশনাল সিশোরের অন্তর্ভুক্ত।
মার্কিন কোস্টগার্ডের মুখপাত্র হুয়ান রস জানান, উড়োজাহাজটিতে মোট ছয়জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর উদ্ধারকারী দলের ডুবুরিরা উড়োজাহাজটির মূল কাঠামোর ভেতর থেকে তাঁদের মরদেহ উদ্ধার করেন।
কোস্টগার্ড জানায়, স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে আলাবামার মোবাইল শহরের আঞ্চলিক এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার থেকে উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
সূত্র: সিবিএস নিউজ



