tanaka
প্রচ্ছদসারাদেশযুব মহিলা লীগ নেত্রীকে ‘বাংলোতে আসতে’ বলা সেই ওসি প্রত্যাহার

যুব মহিলা লীগ নেত্রীকে ‘বাংলোতে আসতে’ বলা সেই ওসি প্রত্যাহার

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তান্নি সনি ও ওই ওসির কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

সম্প্রতি ছড়িয়ে পড়া অডিওতে থানায় আটকের পর দুই লাখ টাকা দেওয়া, জামিনের জন্য অর্থ ব্যয় এবং পরবর্তী সময়ে আবারও টাকা দাবির অভিযোগ নিয়ে ওসির সঙ্গে কথা বলতে শোনা যায় সনিকে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর তাসকিরা তান্নি সনিকে আটক করে থানায় নেওয়া হয়। পরে একটি সাধারণ মামলায় মুচলেকা দিয়ে তিনি ছাড়া পান।

ছড়িয়ে পড়া অডিওতে সনি দাবি করেন, আটকের পর থানায় দুই লাখ টাকা দেওয়ার পাশাপাশি জামিনের জন্যও তাকে অর্থ ব্যয় করতে হয়েছে। পরবর্তী সময়ে আবারও টাকা চাওয়ার বিষয়টি ওসিকে জানালে তিনি সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলার আশ্বাস দেন।

কথোপকথনে সনি তার সাবেক স্বামী ও পলাতক যুবলীগ নেতা পারভেজের সঙ্গে পুলিশের যোগাযোগ নিয়েও প্রশ্ন তোলেন। এ ছাড়া তার ছেলে তাসরিফকে ফোন করে থানায় দুই লাখ টাকা দেওয়ার বিষয়টি গোপন রাখতে বলা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে বুধবার সকালে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওসির বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ তোলেন সনি। তার দাবি, ৫৪ ধারায় মামলা দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে দুই লাখ টাকা নেওয়া হয়েছে। আদালতে পাঠানোর আগে ওসি তাকে আলিঙ্গনের প্রস্তাব দিয়েছিলেন। পাশাপাশি একা সিএনজিচালিত অটোরিকশায় করে ওসির বাংলোয় যেতে বলা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। মামলা নিয়ে ওসি ক্ষমতার প্রভাব খাটানোর চেষ্টা করেছেন বলেও দাবি তার।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমান। ছড়িয়ে পড়া অডিওর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা ভুয়া। কী দিয়ে বানিয়েছে, কে জানে। এ ধরনের অভিযোগ সম্পূর্ণ অসত্য।’

ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম। তবে অভিযোগগুলোর বিষয়ে তদন্তের অগ্রগতি কিংবা পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।