বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মানুষের ভোট এবং অধিকার মানুষকে ফেরত দিতে চান।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নে অনুষ্ঠিত বিএনপি কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমরা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না। এদেশটা আমাদের সবার। তাই বাংলাদেশকে বুকে ধারণ করে আগামী দিনের পথচলা করতে হবে। সবার আগে বাংলাদেশ।” তিনি উল্লেখ করেন, এ জন্যই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন স্লোগান নিয়েছেন: “ভোট দিবো ধানের শীষে, দেশ গর্ব মিলেমিশে।”
টুকু আরও বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর আগে বলেছিলেন, ধানের শীষে ভোট দিলে দেশের মানুষ শান্তি পাবে। দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ।”
তিনি দেশের সবচেয়ে বড় সমস্যার মধ্যে বেকারত্বকে উল্লেখ করে বলেন, যুবকদের জন্য আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ৮ নং বাঘিল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরোয়ার। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সচিব মাহমুদুল হক শানু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আজিমুদ্দিন বিপ্লব, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক মনির ও জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম প্রমুখ।



