অনেকদিন ধরে গুঞ্জন চলছিল যে দেশের অন্যতম সফল ওপেনার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেবেন। অবশেষে সেই গুঞ্জন সত্যি করে, অক্টোবরে অনুষ্ঠিতব্য বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক এই অধিনায়ক।
তবে সরাসরি সভাপতি পদে নির্বাচনের সুযোগ নেই। বিসিবির নিয়ম অনুযায়ী, প্রথমে পরিচালক হিসেবে নির্বাচিত হতে হয়, তারপরই সভাপতির পদে উঠার পথ খোলা হয়। তামিম ঠিক সেটিই করতে যাচ্ছেন।
এক শীর্ষস্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন, “বিসিবির নির্বাচনে অংশ নেওয়া নিয়ে সম্ভাবনা অনেক। আমি এবার নির্বাচন করছি। ক্রিকেটে আমি বিনিয়োগ করেছি, দুটি ক্লাবের সঙ্গে যুক্ত আছি, তাই কাউন্সিলর পদে নির্বাচিত হওয়া নিশ্চিত।”
তামিমের এই ঘোষণার পর বোর্ডের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। অনেকেই মনে করছেন, তিনি শুধুমাত্র পরিচালক পদেই সীমাবদ্ধ থাকবেন না, ভবিষ্যতে সভাপতি পদেও নিজেকে দেখতে চাইবেন।
গত এক বছরে বিসিবিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। দীর্ঘদিনের সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন, নতুন সরকার সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে এনএসসি কোটায় নিয়োগ দিলেও তিনি ৯ মাসের মধ্যে পদত্যাগ করেন। বর্তমানে বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
তামিম ইকবাল দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করেছেন এবং অধিনায়ক হিসেবে দলের নেতৃত্ব দিয়েছেন। ক্লাব পর্যায়েও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তার জনপ্রিয়তা, অভিজ্ঞতা ও ক্রিকেট জ্ঞান তাকে বোর্ড পরিচালনায় এক যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করছে।



