গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকা দিতে অস্বীকৃতি জানানোয় দুই শিশু সন্তানের সামনেই স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে স্বামী ছায়েদুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-১। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নেয়ামুল হালিম চৌধুরী।
তিনি জানান, গত ১৩ জুলাই রাত আনুমানিক আড়াইটার দিকে শ্রীপুর পৌরসভা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত নাসিমা আক্তার (২৭) নেত্রকোনার পূর্বধলা উপজেলার বনপাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তার স্বামী ছায়েদুল ইসলাম ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গীর্দাপাড়া গ্রামের বাসিন্দা। দম্পতি তাদের এক ছেলে ও এক মেয়েকে নিয়ে শ্রীপুরে ভাড়া বাসায় থাকতেন।
র্যাব জানায়, ছায়েদুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নিয়মিত মাদক কেনার জন্য তিনি স্ত্রী নাসিমার কাছে টাকা চাইতেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক বিরোধ তৈরি হতো।
র্যাব-১ অধিনায়ক জানান, গত ১২ জুলাই নাসিমা পোশাক কারখানা থেকে বেতন নিয়ে বাসায় ফেরেন। রাতে ছায়েদুল তার কাছে ৩ হাজার টাকা দাবি করেন। নাসিমা টাকা দিতে রাজি না হলে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছায়েদুল ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নাসিমার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনার সময় দম্পতির ৮ বছর বয়সী মেয়ে ও ৫ বছর বয়সী ছেলে ঘরের মধ্যেই ছিল। তাদের চোখের সামনেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা।
লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হালিম চৌধুরী বলেন, হত্যাকাণ্ডের পরপরই অভিযান শুরু করে র্যাব। পরে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ছায়েদুল ইসলামকে গ্রেফতার করা হয়। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে গাজীপুরের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



