tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদসারাদেশমাদকবিরোধী মানববন্ধনের পর স্কুলশিক্ষার্থীকে গুলি

মাদকবিরোধী মানববন্ধনের পর স্কুলশিক্ষার্থীকে গুলি

কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি শেষ হওয়ার কিছুক্ষণ পরই দুর্বৃত্তদের গুলিতে এক স্কুলশিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম প্রেম (১২)। সে কাঁটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে প্রেমকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এলাকাবাসীর অভিযোগ, কাঁটাবিল এলাকায় মাদক কারবার ও কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সচেতন নাগরিকদের ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষ হওয়ার পরপরই এ হামলার ঘটনা ঘটে।

এর আগে বুধবার রাতে কাঁটাবিল-সংলগ্ন তেলিকোনা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাং ও মাদক কারবারিদের প্রকাশ্য মহড়ার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা মানববন্ধনের আয়োজন করেন।

স্থানীয়দের দাবি, কাঁটাবিল এলাকার বাসিন্দা অপু (২৫) ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মানববন্ধনের আয়োজনকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে তারা এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, “প্রকাশ্যে মাদক ব্যবসা ও অস্ত্রের মহড়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় সাধারণ মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা এ ঘটনার দ্রুত তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।