tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদজাতীয়তারেক-শি বৈঠকের আগেই ঢাকায় ত্রিবেদীর কূটনৈতিক মিশন শুরু

তারেক-শি বৈঠকের আগেই ঢাকায় ত্রিবেদীর কূটনৈতিক মিশন শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকের আগে ঢাকায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের পাশাপাশি তিনি বাংলাদেশিদের জন্য প্রায় ২২ মাস বন্ধ থাকা পর্যটন ভিসা পুনরায় চালুর ঘোষণাও দিয়েছেন।

একই সময়ে ভারত সরকারের কেন্দ্রীয় কমিটিতে তাকে কেবিনেট মন্ত্রীর মর্যাদা দেওয়ার বিষয়টি কূটনৈতিক মহলে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপের মাধ্যমে দিল্লি কি ঢাকা-দিল্লি সম্পর্ক উন্নয়নের ইতিবাচক বার্তা দিতে চাইছে, নাকি চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতাকে কেন্দ্র করে কোনো সূক্ষ্ম কৌশলগত সংকেত দিচ্ছে—তা নিয়ে নানা আলোচনা চলছে।

কূটনীতিকদের একটি অংশের মতে, সাম্প্রতিক পদক্ষেপগুলোকে সতর্কবার্তা হিসেবে দেখার চেয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবনের উদ্যোগ হিসেবে বিবেচনা করাই বেশি যুক্তিযুক্ত। তাদের ভাষ্য, দীর্ঘদিন বন্ধ থাকা পর্যটন ভিসা পুনরায় চালু করা এবং নতুন হাইকমিশনারের দ্রুত দায়িত্ব গ্রহণ বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দেওয়ারই ইঙ্গিত বহন করে।

তাদের মতে, রাজনৈতিক পরিবর্তন, কূটনৈতিক অস্বস্তি এবং পারস্পরিক অবিশ্বাসের কারণে সাম্প্রতিক বছরগুলোতে ঢাকা-দিল্লি সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছিল, ভারত এখন তা কাটিয়ে উঠতে আগ্রহী। দায়িত্ব গ্রহণের পরপরই ভিসা চালুর ঘোষণা সেই প্রচেষ্টারই প্রতিফলন বলে মনে করছেন তারা।

অন্যদিকে, কূটনৈতিক মহলের আরেকটি অংশ ঘটনাগুলোর সময় নির্বাচনকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে চীন সফরে রয়েছেন। তার সঙ্গে পররাষ্ট্রবিষয়ক শীর্ষ কর্মকর্তারাও বেইজিংয়ে অবস্থান করছেন। এমন সময়ে ঢাকায় ভারতের নতুন হাইকমিশনারের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ এবং একাধিক ইতিবাচক ঘোষণা স্বাভাবিকভাবেই দৃষ্টি আকর্ষণ করেছে।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, ত্রিবেদীকে কেবিনেট মন্ত্রীর মর্যাদা দেওয়ার বিষয়টিও বিশেষ তাৎপর্যপূর্ণ। সাধারণত বিদেশে নিযুক্ত হাইকমিশনারদের ক্ষেত্রে এমন মর্যাদা সচরাচর দেখা যায় না। ফলে অনেকের ধারণা, এটি শুধু ব্যক্তিগত সম্মান নয়; বরং বাংলাদেশের প্রতি ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্বেরও প্রতিফলন।

এদিকে প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালুর সিদ্ধান্তকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের সবচেয়ে দৃশ্যমান পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ব্যবসা, চিকিৎসা, শিক্ষা ও পারিবারিক প্রয়োজনে ভারতে যাতায়াতকারী বিপুলসংখ্যক বাংলাদেশির জন্য এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে এসব পদক্ষেপের প্রকৃত তাৎপর্য নিয়ে এখনই চূড়ান্ত মূল্যায়নে যেতে চান না অভিজ্ঞ কূটনীতিকরা। তাদের মতে, একদিকে এটি দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের ইতিবাচক বার্তা হতে পারে, অন্যদিকে আঞ্চলিক ভূরাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের ক্রমবর্ধমান গুরুত্বেরও প্রতিফলন হতে পারে।