ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনের একটি বগিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে ট্রেনের কয়েকটি সিট পুড়ে যায়।
বুধবার (১৯ নভেম্বর) ভোর সোয়া ৪টার দিকে নগরীর রেলওয়ে স্টেশনসংলগ্ন বাঘমারা রেলক্রসিংয়ের পাশে ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা ট্রেনে এ ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, কোচগুলো ধোয়া-মোছার জন্য ওয়াশপিটে রাখা হয়েছিল। এ সময় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে টহলরত রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ট্রেনের ২৭–৩২ নম্বর সিট পুড়ে যায়।
তিনি আরও জানান, সকাল ৬টায় ট্রেনটি যাত্রী নিয়ে নেত্রকোনার জারিয়া অভিমুখে রওনা দিয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহ কার্যালয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, জায়গাটি রাতে খুব অন্ধকার থাকে। সেই সুযোগে নাশকতার উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত গানপাউডার ও পেট্রোল ব্যবহার করে আগুন দেয়। এ সময় কাছাকাছি থাকা আরএনবির তিন সদস্য একজন দুর্বৃত্তকে দেখতে পেয়ে ধাওয়া দিলেও অন্ধকারের কারণে তাকে ধরতে পারেননি। পরে তারা নিজেরা পরিহিত জ্যাকেট পানিতে ভিজিয়ে আগুনের ওপর নিক্ষেপ করেন এবং পানির সাহায্যে আগুন নেভান।
তিনি জানান, বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আগুন নেভানোর পর দেখা যায়, একটি বগির কয়েকটি সিটের অংশ পুড়ে গেছে এবং আরও কিছু সিটে গানপাউডারজাতীয় মিশ্রণ ও পেট্রোল ঢালা ছিল, যাতে দ্রুত আগুন ছড়িয়ে পড়তে পারে।



