মধ্যপ্রাচ্যে মার্কিন জ্বালানিবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে চার ক্রু সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। পশ্চিম ইরাকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় মোট ছয়জন ক্রু সদস্য বিমানে ছিলেন।
শুক্রবার (১৩ মার্চ) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সেন্টকম জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া বা শত্রুপক্ষের হামলার কারণে বিমানটি বিধ্বস্ত হয়নি; এটি একটি গুরুতর দুর্ঘটনা ছিল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি নিশ্চিত করেছে, দুর্ঘটনায় চারজন ক্রু সদস্য নিহত হয়েছেন।
তবে সেন্টকম স্পষ্ট করে বলেছে, বিমানটি শত্রুপক্ষের গুলি বা নিজেদের বাহিনীর ভুলবশত হামলার শিকার হয়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
এর আগে মার্কিন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জিম হাইমস বিবিসির ‘নিউজ নাইট’ অনুষ্ঠানে বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা এত দ্রুত নিশ্চিত করে বলা সম্ভব নয়। সংঘাতপূর্ণ পরিস্থিতিতে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীতেও দুর্ঘটনা ঘটে থাকে, সম্ভবত এখানেও তেমনটাই হয়েছে।
মার্কিন বিমানবাহিনীর এয়ার মোবিলিটি কমান্ডের বহরে প্রায় ৪০০টি রিফুয়েলিং ট্যাংকার বিমান রয়েছে। যুদ্ধকালীন সময়ে এসব বিমান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো আকাশে থেকেই যুদ্ধবিমান ও বোমারু বিমানকে জ্বালানি সরবরাহ করে, ফলে তারা দীর্ঘ দূরত্বে অভিযান পরিচালনা করতে সক্ষম হয়।



