tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকনিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ দেশে ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা

নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ দেশে ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা

ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র থুশারা রদ্রিগোর বরাতে বলা হয়, ইরান থেকে পাঠানো একটি চার্টার্ড বিমানের মাধ্যমে নিহত নাবিকদের মরদেহ দেশে নেওয়া হবে। এ বিষয়ে ইরানের দূতাবাসও নিশ্চিত করেছে।

গত ৪ মার্চ শ্রীলঙ্কার উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় ইরানের ফ্রিগেট যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবে যায়। এতে অন্তত ৮৪ জন নাবিক নিহত হন। দুর্ঘটনার পর শ্রীলঙ্কা নৌবাহিনী ৩২ জন ইরানি নাবিককে জীবিত উদ্ধার করে। তারা আপাতত শ্রীলঙ্কাতেই অবস্থান করবেন বলে জানিয়েছেন রদ্রিগো।

এদিকে দেনা ডুবে যাওয়ার একদিন পর আরেকটি ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস বুশেহর-কে শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশের অনুমতি দেওয়া হয়। জাহাজটি ও এর ২১৯ সদস্যের ক্রুকে নিরাপদ আশ্রয় দিয়েছে দেশটি।

কর্তৃপক্ষ জানিয়েছে, বুশেহর জাহাজটির দুটি ইঞ্জিনের একটি বিকল হয়ে যাওয়ায় শ্রীলঙ্কা নৌবাহিনী সেটি মেরামতের চেষ্টা করছে। জাহাজটির ক্রুরা আপাতত একটি অস্থায়ী ক্যাম্পে অবস্থান করছেন।

উদ্ধার হওয়া ৩২ নাবিকের মধ্যে ২২ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তাদের দ্বীপটির দক্ষিণাঞ্চলের একটি বিমানঘাঁটিতে রাখা হয়েছে। বর্তমানে শ্রীলঙ্কায় মোট ২৫১ জন ইরানি নাবিক অবস্থান করছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আরেকটি ইরানি জাহাজ শ্রীলঙ্কা অতিক্রম করে ভারতের দক্ষিণাঞ্চলের কোচি বন্দরে আশ্রয় নিয়েছে। জাহাজটির ১৮৩ জন ক্রু বর্তমানে ভারতের হেফাজতে রয়েছেন। শ্রীলঙ্কা ও ভারত—উভয় দেশই জানিয়েছে, মানবিক কারণে ইরানি নাবিকদের আশ্রয় দেওয়া হয়েছে। কারণ সমুদ্রে অবস্থান করলে তারাও মার্কিন হামলার ঝুঁকিতে পড়তে পারতেন বলে আশঙ্কা করা হচ্ছিল।