রাজধানীর মতিঝিল মেট্রো স্টেশনের নিচে একটি ছাতার ভেতর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যার পর স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার। তিনি জানান, মেট্রো স্টেশনের নিচে পড়ে থাকা একটি ছাতার ভেতর থেকে মিটমিট করে আলো জ্বলতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে মতিঝিল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিমকে অবহিত করে। পরীক্ষা-নিরীক্ষার পর বিশেষজ্ঞ দল নিশ্চিত হয় যে, ছাতার ভেতরে একটি বোমা ছিল।
পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে বোমাটি কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই সফলভাবে নিষ্ক্রিয় করেন বলে জানান ওসি কামরুজ্জামান তালুকদার। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।



