রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের ফলে শূন্য হওয়া রাষ্ট্রপতির পদে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে খুব শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (২৪ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, “সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আজ (২৪ জুলাই) রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। ইনশাআল্লাহ, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারই এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।”
সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩৫০ জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে বিবেচিত হবেন। তাদের নিয়ে ভোটার তালিকা প্রস্তুত করবে নির্বাচন কমিশন। এরপর রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে।
আব্দুর রহমানেল মাছউদ জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতোই রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে। তপশিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল, যাচাই ও প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হবে। একাধিক প্রার্থী থাকলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর একজন মাত্র প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় নির্বাচন কমিশনের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে। ফলে আগামী রোববার অথবা পরবর্তী কোনো কার্যদিবসে রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল নিয়ে কমিশন সিদ্ধান্ত নিতে পারে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “খুব দ্রুতই রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে।”



