tanaka
প্রচ্ছদঅন্যান্যমতভিন্নতা ও মতপ্রকাশের স্বাধীনতাই গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

মতভিন্নতা ও মতপ্রকাশের স্বাধীনতাই গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান দেখানোই গণতন্ত্রের অন্যতম প্রধান শক্তি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে এক স্কুলশিক্ষককে আটকের পর প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে সসম্মানে ছেড়ে দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে তিনি এ মন্তব্য করেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ঘটনার বিস্তারিত তুলে ধরে মাহদী আমিন জানান, কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এক স্কুলশিক্ষকের কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ হলে পুলিশ ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

মাহদী আমিন বলেন, বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী এতে সংক্ষুব্ধ হন। এরপর তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানাকে ওই শিক্ষককে সসম্মানে ছেড়ে দেওয়ার পাশাপাশি নিরাপদে তার বাসায় পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পরে পুলিশ শিক্ষককে নিরাপদে তার বাড়িতে পৌঁছে দেয়।

প্রধানমন্ত্রীর অবস্থান তুলে ধরে মাহদী আমিন তাঁর পোস্টে বলেন, মতের ভিন্নতা থাকা স্বাভাবিক এবং প্রত্যেক মানুষের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও মতামত রয়েছে। কারও মতের সঙ্গে একমত না হলেও তার মতপ্রকাশের অধিকারকে সম্মান করা উচিত।

তিনি আরও বলেন, ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি এই সম্মানই গণতন্ত্রের শক্তি।

মাহদী আমিন জানান, ইতিবাচক আচরণ, পারস্পরিক সম্মান ও সহাবস্থানের সংস্কৃতি গড়ে উঠলে তা সমাজকে আরও শক্তিশালী করবে—এমনটাই প্রধানমন্ত্রী বিশ্বাস করেন।