tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদরাজনীতি‘মতপ্রকাশের স্বাধীনতার নামে ইসলাম নিয়ে কটূক্তি সহ্য করা হবে না’

‘মতপ্রকাশের স্বাধীনতার নামে ইসলাম নিয়ে কটূক্তি সহ্য করা হবে না’

‘মতপ্রকাশের স্বাধীনতার নামে ইসলাম নিয়ে কটূক্তি সহ্য করা হবে না’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়তের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। সম্প্রতি নতুনধারা বাংলাদেশের (এনডিবি) ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানার ইসলামী মূল্যবোধ, পর্দা-হিজাব, দ্বীনি প্রতীক ও উলামায়ে কেরামকে নিয়ে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

সোমবার (২৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান মাওলানা রাব্বানী। বিবৃতিতে তার স্বাক্ষরের পাশাপাশি খতমে নবুওয়তের সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদের স্বাক্ষরও রয়েছে।

বিবৃতিতে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতার নামে আল্লাহ, মহানবী (সা.), কুরআন-সুন্নাহ, ইসলামী বিধান ও ধর্মীয় প্রতীক নিয়ে কটাক্ষ করা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। শান্তা ফারজানার বক্তব্য দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং সামাজিক অস্থিরতার আশঙ্কা তৈরি করেছে।’

তিনি অবিলম্বে বক্তব্যটির নিরপেক্ষ তদন্ত, দৃষ্টান্তমূলক বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে—এমন বক্তব্য ও কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

মাওলানা রাব্বানী বলেন, ‘বর্তমান রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সহাবস্থানের পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। রাজনৈতিক প্রতিপক্ষকে কটূক্তি করা, অপমান-অপদস্থ করা কিংবা ডিম-টমেটো নিক্ষেপের মতো অসৌজন্যমূলক আচরণ গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থি।’

তিনি আরও বলেন, ‘মত ও পথের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থ, সামাজিক স্থিতিশীলতা এবং দেশের শান্তি-শৃঙ্খলার প্রশ্নে সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিভাজন, বিদ্বেষ ও সংঘাত নয়; বরং সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার সংস্কৃতিই দেশ ও জাতির জন্য কল্যাণকর।’

রাজনৈতিক মতপার্থক্যকে কেন্দ্র করে সমাজে উত্তেজনা, প্রতিহিংসা ও বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।’

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়ে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, ‘ঈদুল আজহা আমাদের ত্যাগ, তাকওয়া, আত্মশুদ্ধি ও আল্লাহর আনুগত্যের শিক্ষা দেয়। হজরত ইবরাহীম (আ.) ও হজরত ইসমাঈল (আ.)-এর কুরবানির আদর্শ থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।’