পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ–এর সঙ্গে বৈঠকে দুই দেশের ‘অটুট বন্ধুত্ব’ ও কৌশলগত সহযোগিতার প্রশংসা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পাকিস্তানকে ‘বিশ্বস্ত বন্ধু’ আখ্যা দিয়ে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও গভীর করার আহ্বান জানান তিনি।
বৈঠকে শি জিনপিং বলেন, পাকিস্তান এমন কয়েকটি দেশের অন্যতম, যাদের চীন ‘সব পরিস্থিতিতেই কৌশলগত অংশীদার’ হিসেবে বিবেচনা করে। তিনি জানান, দুই দেশের সম্পর্কের ভিত্তি হচ্ছে ঘনিষ্ঠ অর্থনৈতিক, বাণিজ্যিক ও নিরাপত্তা সহযোগিতা।
তবে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চীনা নাগরিক ও চীনের অর্থায়নে চলমান বড় অবকাঠামো প্রকল্পগুলোর ওপর ইসলামপন্থী জঙ্গি হামলার ঘটনায় উদ্বেগ রয়েছে বেইজিংয়ের। পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের ঘনিষ্ঠ সম্পর্কও চীন-পাকিস্তান সম্পর্কে কিছুটা জটিলতা তৈরি করেছে বলে বিশ্লেষকদের ধারণা।
শি বলেন, “আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, প্রতিবেশী কূটনীতিতে চীন সবসময় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দেবে।”
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, কৃষি, শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী বেইজিং।
প্রতিবেদনে আরও বলা হয়, ইসলামাবাদের সঙ্গে ‘অভিন্ন ভবিষ্যৎসম্পন্ন আরও ঘনিষ্ঠ সম্পর্ক’ গড়ে তুলতে কাজ করতে প্রস্তুত চীন। একই সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখা এবং কৌশলগত সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন শি জিনপিং।
অন্যদিকে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চীন ও পাকিস্তানকে ‘লোহার মতো দৃঢ় দুই ভাইয়ের দেশ’ হিসেবে উল্লেখ করে বলেন, দুই দেশের সম্পর্কের ‘কোনো তুলনা নেই’।



