tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদরাজধানীমঙ্গলবার থেকে আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু

মঙ্গলবার থেকে আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু

দীর্ঘ ৪৫ দিন বন্ধ থাকার পর রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৮টা থেকে পুনরায় চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদনের মাধ্যমে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) আদ্-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালের লাইসেন্স পুনর্বহালের মাধ্যমে চিকিৎসাসেবা পুনরায় চালুর সুযোগ সৃষ্টি হওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছে আদ্-দ্বীন কর্তৃপক্ষ। একই সঙ্গে সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সেবাগ্রহীতা, রাজনীতিবিদ, চিকিৎসক, বিভিন্ন পেশাজীবী সংগঠন, আইনজীবী, সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মী, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে হাসপাতালের পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দেওয়া ব্যক্তিদের প্রতিও ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে সোমবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহালের ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হলে কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে। পরে আপিলের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটিকে গত ১৫ জুলাই তিন কর্মদিবসের মধ্যে সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে তা সন্তোষজনক বিবেচিত হওয়ায় লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে।

তবে হাসপাতালের কার্যক্রম পুনরায় পরিচালনার ক্ষেত্রে কয়েকটি শর্ত আরোপ করেছে সরকার। শর্ত অনুযায়ী, দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। এছাড়া লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। ভবিষ্যতে লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।