tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনএইচএসসির ফল জানতে এসএমএস পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে

এইচএসসির ফল জানতে এসএমএস পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে

মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফল জানার নিয়মে পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। এত দিন ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানার সুযোগ থাকলেও এবার শিক্ষার্থীদের ব্যবহার করতে হবে নতুন নম্বর ১৬১৪০।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর বেলা ১১টায় এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন এবং মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে ফল জানতে পারবেন।

এসএমএসে ফল পেতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, পরীক্ষার রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে তাঁকে লিখতে হবে HSC DHA 123456 2026। এরপর বার্তাটি ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে। অনলাইনে ফল জানতে শিক্ষার্থীরা eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট দুটি ব্যবহার করতে পারবেন।