tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদটপ নিউজবাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকেই এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকেই এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

আগামীর সুখী, সমৃদ্ধ ও স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে নতুন প্রজন্মকেই নেতৃত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বর্তমান প্রজন্ম যেন সাফল্যের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে—সেই লক্ষ্যেই তাদের গড়ে তুলতে হবে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা প্রতিপাদ্যে আয়োজিত কিশোর-কিশোরীদের বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। তবে দক্ষ, সুশিক্ষিত ও সচেতন নতুন প্রজন্ম গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি উন্নত ও সুন্দর বাংলাদেশ নির্মাণ সম্ভব। এজন্য খেলাধুলার পাশাপাশি পড়াশোনায়ও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “নতুন প্রজন্ম যে পেশাতেই নিজেদের গড়ে তুলতে চায়, সরকার তাদের প্রয়োজনীয় সহযোগিতা করবে। পাশাপাশি প্রকৃতির যত্ন নেওয়া এবং দেশের সম্পদ রক্ষায়ও সবাইকে দায়িত্বশীল হতে হবে।”

সংবাদমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ

বক্তব্যের শুরুতেই উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন কুঁড়ির সংবাদ যেন লিড নিউজ করা হয়।’

তিনি বলেন, “আজ যারা মাঠে খেলছে, যারা গ্যালারিতে বসে আছে—তারাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আগামীকালের পত্রিকা কিংবা টেলিভিশনের সংবাদে এই শিশু-কিশোরদের অর্জন ও সম্ভাবনাকে গুরুত্ব দিন। দেশের নানা সমস্যা আছে, আমরা তা অস্বীকার করছি না। কিন্তু ভবিষ্যতের বাংলাদেশ গড়ার যে শক্তি তৈরি হচ্ছে, সেটিও সবার সামনে তুলে ধরা প্রয়োজন।”

তিনি আশা প্রকাশ করেন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া দেশের ভবিষ্যৎ প্রজন্মের ইতিবাচক কর্মকাণ্ডকে যথাযথ গুরুত্ব দেবে।

শিশু-কিশোরদের সঙ্গে প্রধানমন্ত্রীর সময়

বিকেল পৌনে ৪টার দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে স্বাগত জানানো হয়। এরপর তিনি মাঠের পাশে বসে বালিকাদের ফুটবল ফাইনাল উপভোগ করেন এবং ফুটবল ও ১০০ মিটার দৌড় প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে গ্যালারিতে না গিয়ে সরাসরি মাঠে নেমে পুরো মাঠ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় শত শত শিশু ও শিক্ষার্থী গ্যালারির রেলিংয়ের কাছে ছুটে এসে তাকে শুভেচ্ছা জানায়। প্রধানমন্ত্রীও স্নেহভরে শিশুদের সঙ্গে হাত মেলান এবং দর্শকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর এত কাছে এসে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে উপস্থিত শিশু-কিশোররা।