পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সময় জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করা ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
সোমবার (২৮ জুলাই) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করে জানায়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় তাদের অবসরে পাঠানো হয়েছে।
ওই কর্মকর্তারা বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন।
সরকারি চাকরি আইনের ৪৫ ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারীর চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে সরকার জনস্বার্থে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বাধ্যতামূলক অবসরে পাঠানো এসব কর্মকর্তা বিধি অনুযায়ী প্রাপ্য অবসর-সংক্রান্ত সব সুবিধা পাবেন।



