tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকউগান্ডায় ৩৮ জনকে হত্যা ও মাংস খাওয়ার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি

উগান্ডায় ৩৮ জনকে হত্যা ও মাংস খাওয়ার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি

উগান্ডায় ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত ১৫ বছরে অন্তত ৩৮ জনকে হত্যা এবং তাঁদের মাংস খাওয়ার অভিযোগে মুজুরিজি মোসেস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। দেশটির মাসাকা, ইবান্দা ও কাজো জেলায় ধারাবাহিকভাবে এসব হত্যাকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গ্রেপ্তারের তথ্য জানান উগান্ডার প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা। অভিযুক্তকে দেশের ইতিহাসের অন্যতম ভয়ংকর খুনি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাঁর প্রকাশ্যে বিচার করা হবে এবং মৃত্যুদণ্ড দেওয়া হবে।

স্থানীয় তদন্তকারীদের বরাতে জানা গেছে, দীর্ঘ সময় ধরে অত্যন্ত নৃশংস কায়দায় হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে। অভিযোগ অনুযায়ী, মোসেসের প্রধান লক্ষ্য ছিল পুরো পরিবার। রাতের বেলায় ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে বাসিন্দাদের ওপর হামলা চালাতেন তিনি।

একটি ঘটনায় এক পেন্টেকস্টাল যাজকের বাড়িতে ঢুকে পরিবারের সব সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগও রয়েছে তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ছাড়া প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে মোসেসের বিরুদ্ধে।

এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন বলে জানা গেছে। তবে রহস্যজনক পরিস্থিতিতে সেসব ঘটনায় তিনি পালিয়ে যেতে বা মুক্তি পেতে সক্ষম হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ গ্রেপ্তারের পর অভিযুক্তের আস্তানা থেকে বেশ কিছু আলামত উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি বিভিন্ন সময়ে নিখোঁজ হওয়া ব্যক্তিদের ঘটনা এবং পুরোনো হত্যাকাণ্ডের নথির সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

দীর্ঘদিন ধরে চলা এসব হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ার পরই বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্র: এনডিটিভি