রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে দ্বিতীয় দফায় আরও দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত হাসান শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে একই মামলায় রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. জেহাদ হোসেন পুনরায় তিন দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিকে জিজ্ঞাসাবাদে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। তার দেওয়া চার মিনিট ২৯ সেকেন্ডের একটি অডিও সম্প্রচারের রেকর্ড ডিভিডিতে ধারণ করে জব্দ করা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা আরও জানান, মামলাটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্তের স্বার্থে নমুনা কণ্ঠস্বরের সঙ্গে রাকিবুল হাসানের কণ্ঠস্বরের তুলনামূলক পরীক্ষা প্রয়োজন। এ কারণে তাকে পুনরায় পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড বাতিলের পাশাপাশি রাকিবুল হাসানের জামিনের আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে রাকিবুল হাসানকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।



