রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখলে ভারতের পণ্যের ওপর ‘ব্যাপক শুল্ক’ আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য বা অবস্থান জানায়নি নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন ভারত সরকার।
সোমবার (২০ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ট্রাম্প জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে। তার ভাষায়, ‘তিনি আমাকে বলেছেন, আমি রাশিয়ান তেল নিয়ে আর কিছু করছি না। কিন্তু যদি তারা এটা চালিয়ে যায়, তাহলে তাদের বিশাল শুল্ক দিতে হবে।’
ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা দেশগুলোর ওপর চাপ বাড়িয়ে আসছে। যুক্তরাষ্ট্রের দাবি, এ ধরনের বাণিজ্য ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পরোক্ষভাবে আর্থিক সহায়তা দিচ্ছে।
এরই মধ্যে ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্কের হার বেড়েছে উল্লেখযোগ্যভাবে। চলতি বছরের আগস্টে ট্রাম্প প্রশাসন শুল্কহার বাড়িয়ে ৫০ শতাংশ করেছে, যা টেক্সটাইল থেকে শুরু করে ওষুধ পর্যন্ত বিভিন্ন পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য।
ট্রাম্প একাধিকবার স্পষ্ট করেছেন, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করলে এসব শুল্ক বহাল থাকবে কিংবা আরও বাড়ানো হবে। চলতি মাসের শুরুতেও তিনি দাবি করেছিলেন, মোদি তাকে জানিয়েছেন ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে।
তবে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত ট্রাম্পের এ বক্তব্য বা হুঁশিয়ারি নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।



