সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৪ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৭৩ জন।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। অন্যদিকে, এ সময়ে ঢাকা বিভাগে (সিটি করপোরেশন এলাকা বাদে) সর্বোচ্চ ৩২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিভাগ ও সিটি করপোরেশনভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ২২৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১১ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৭ জন, খুলনা বিভাগে ১৫৫ জন, রাজশাহী বিভাগে ১১১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭১ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ২৮ জন এবং সিলেট বিভাগে ১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ৩৬৪ জনের মধ্যে ঢাকা বিভাগের (দুই সিটি করপোরেশনসহ) বাসিন্দা ১৭৮ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, বরিশাল বিভাগে ২৮ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে সাতজন এবং সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গুতে প্রতিদিন নতুন করে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং ব্যক্তিগতভাবে মশার কামড় থেকে সুরক্ষিত থাকার বিষয়ে সচেতনতা জরুরি।



