তিন দফা দাবি আদায়ে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছে দুটি সংগঠন। এ পরিস্থিতিতে রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে সাময়িকভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। তবে প্রশাসনের নির্দেশনায় পর্যটনকেন্দ্রটি বন্ধ রাখার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সেখানে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
বুধবার সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরে জেলা প্রশাসনের জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনিবার্য কারণবশত ২১ অক্টোবর বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো।’
এতে আরও বলা হয়, বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যেতে হবে।
এদিকে, তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। সংগঠন দুটির এ কর্মসূচির ঘোষণার পরপরই সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত এলো।
এর আগে গত ১১ অক্টোবর ‘অনিবার্য কারণ’ দেখিয়ে সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল জেলা প্রশাসন। তখন পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছিল।
পরে দুর্গাপূজা উপলক্ষে পর্যটকদের ভ্রমণের সুযোগ দিতে ১৫ অক্টোবর নতুন বিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকের পর্যটনকেন্দ্রগুলো পর্যটকদের জন্য উন্মুক্ত রাখা হয়।
তবে পর্যটকদের জন্য সাজেক খুলে দেওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই আবারও বন্ধের ঘোষণা এলো। ফলে নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা জারির কারণে সাজেক ভ্রমণে আগ্রহী পর্যটকদের পরিকল্পনায় অনিশ্চয়তা তৈরি হয়েছে।



