সরকার ঘোষিত বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ বা ন্যূনতম ২ হাজার টাকায় সীমিত রাখার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আজ থেকে আমরণ অনশন শুরু করতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টা থেকে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা এ কর্মসূচি শুরু করবেন। একই সঙ্গে চলমান কর্মবিরতি আরও জোরদার করা হবে বলেও ঘোষণা দিয়েছেন তারা।
রোববার (১৯ অক্টোবর) রাতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এক বিবৃতিতে এসব কর্মসূচির কথা জানান।
তিনি বলেন, “শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অনশন চলবে। আগামীকাল থেকে কোনো শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান, প্রশাসনিক কাজ বা পরীক্ষার দায়িত্ব পালন করবেন না। সবকিছুই বন্ধ থাকবে।”
দেলাওয়ার হোসেন আজিজী আরও বলেন, “শিক্ষা উপদেষ্টা আমাদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন, কিন্তু আমরা তা প্রত্যাখ্যান করেছি। তার প্রতি আমাদের আস্থা নেই। আমাদের আন্দোলন চলবে, প্রয়োজনে এটি জাতীয়করণের এক দফা আন্দোলনে রূপ নেবে।”
অন্যদিকে, সরকারের অর্থ বিভাগ ইতোমধ্যে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে সম্মতি দিয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূল বেতনের ৫ শতাংশ হারে বা ন্যূনতম ২ হাজার টাকা বাড়িভাড়া ভাতা দেওয়া হবে, যা আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।
রোববার সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



