মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাকের হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২২ অক্টোবর) ভোর ৫টার দিকে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে নিজ কর্মস্থলে দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বাস কাউন্টার বন্ধ করে সড়ক অবরোধ করেন কাউন্টার মালিক ও মোটর শ্রমিকরা।
নিহত শাকের হোসেন মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী গ্রামের বেপারীপাড়া এলাকার বাসিন্দা। তিনি মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টার মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে শাকের নিজ কাউন্টারে দায়িত্ব পালন করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে দুই দুর্বৃত্ত সেখানে আসে। একজন মোটরসাইকেল নিয়ে বাইরে অপেক্ষা করতে থাকে। অপরজন কাউন্টারের ভেতরে ঢুকে শাকেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
নিহতের মামা রানা মোল্লা বলেন, ‘আমার ভাগ্নে ভোর ৫টার পর নিজের কাউন্টারে অবস্থান করছিল। এ সময় বাইরে থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।’
তিনি এ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রকৃত আসামিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ, বন্ধ কাউন্টার
শাকের হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের কাউন্টার মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা বিক্ষোভে নামেন। তাঁরা বাস কাউন্টার বন্ধ করে সড়ক অবরোধ করেন।
সকাল ৭টা থেকে মাগুরা টার্মিনাল-সংলগ্ন মাগুরা-ফরিদপুর সড়ক, ঢাকা রোড এবং ভায়না এলাকায় মাগুরা-যশোর সড়ক অবরোধ করা হয়। এ সময় বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
ঘটনাস্থল পরিদর্শন, তদন্তে একাধিক দল
ঘটনার পর মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে একাধিক দল তদন্ত শুরু করেছে।
নিহতের মরদেহ মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মইনুল ইসলাম তাঁর মাথায় গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি শনাক্ত করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়।
পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের গোয়েন্দা বিভাগ ও সিআইডিসহ একাধিক দল তদন্তে কাজ করছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।
ঘটনাস্থল পরিদর্শন করলেন সংসদ সদস্য
এদিকে, হত্যাকাণ্ডের খবর পেয়ে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি উত্তেজিত না হয়ে মোটর শ্রমিক ও এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানান।
সংসদ সদস্য জানান, শাকের হোসেন হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।



