ভাত ও ভোটের অধিকার ফেরাতে ফ্যাসিস্টবিরোধী আন্দোলন করেছিলাম : নুর
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ভাত ও ভোটের অধিকার ফিরে পেতে তারা ফ্যাসিস্টবিরোধী আন্দোলন করেছেন। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যেন একজন সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করেন, যিনি সত্যিকারের জনগণের অধিকার নিয়ে কথা বলবেন।
শুক্রবার (২২ আগস্ট) গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ বাসস্ট্যান্ডে এক পথসভায় তিনি এ কথা বলেন। যশোরে এক সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে গণ অধিকার পরিষদের নেতারা ওই পথসভায় অংশ নেন। গোপালগঞ্জবাসীর উদ্দেশে নুর বলেন, “এখানকার সবাই খারাপ নন, ভালো মানুষও আছেন। তবে যারা মানবতাবিরোধী কাজে লিপ্ত ছিলেন, তাদের ক্ষমা করা যাবে না।” এদের বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভবিষ্যতে যেন কোনো দলীয় পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করা না যায়, সেজন্য রাষ্ট্র সংস্কারের পাশাপাশি এ বাহিনীকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে।
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, “শেখ হাসিনা ১৬ বছর গণতন্ত্রকে হত্যা করেছেন। দুঃশাসন প্রতিষ্ঠা করে তিনি ক্ষমতায় টিকে ছিলেন।”



