বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় পার্টিকে আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসর হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, “আমরা মনে করি জনগণ আর জাতীয় পার্টিকে গ্রহণ করবে না।”
শুক্রবার (২২ আগস্ট) কুমিল্লা ফান টাউনে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ডা. তাহের আরও বলেন, “জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে—এটি হচ্ছে অতি বুদ্ধিভিত্তিক পর্যালোচনা, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। আমরা বিএনপির বাইরে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলে সমঝোতার ভিত্তিতে একটি নির্বাচনের চেষ্টা করছি, সেখানে জাতীয় পার্টিকে অন্তর্ভুক্ত করা হবে না।”
বিএনপিকে কেন্দ্র করে তিনি বলেন, “কোনো দল যদি মনে করে তাদের নিশ্চিত বিজয় হবে, তবে বোঝা যায় তারা জেতার জন্য কোনো কৌশল সাজাচ্ছে যাতে ভোটের প্রয়োজন হবে না। কেউ যদি ভোটের আগেই নিজেদের বিজয়ী ঘোষণা করে, তাহলে স্পষ্ট হয় তারা ১৪, ১৮ ও ২৪ সালের মতো একপেশে নির্বাচন করার পাঁয়তারা করছে।”
সমাবেশে কুমিল্লা সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক এ কে এমদাদুল হক মামুন, নগর জামায়াতের সেক্রেটারি মো. মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, মোশারফ হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



