দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে চার মাস বন্ধ থাকার পর অবশেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। আমদানিকারকদের দাবি, এতে বাজারে চালের দাম কমে আসবে, তবে শুল্ক না কমায় আমদানি তেমন বেশি হবে না।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৯টা পর্যন্ত ভারতীয় ৯টি ট্রাকে মোট ৩১৫ মেট্রিক টন চাল বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। আরও কয়েকটি ট্রাক চালবোঝাই অবস্থায় পেট্রাপোল বন্দরে অপেক্ষায় রয়েছে।
আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হাজি মুসা করিম অ্যান্ড সন্স-এর স্বত্বাধিকারী আব্দুস সামাদ জানান, খাদ্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর ব্যবসায়ীরা এলসি খুলে আমদানির প্রক্রিয়া শুরু করেছেন। তিনি বলেন, আগামী রবিবার থেকে চাল আমদানির পরিমাণ আরও বাড়তে পারে। এতে কেজিপ্রতি চালের দাম ৫–৭ টাকা পর্যন্ত কমবে বলে আশা করা হচ্ছে। ভালো মানের চিকন চাল ৬৭–৭০ টাকা এবং স্বর্ণা জাতের চাল ৫০–৫২ টাকার মধ্যে পাওয়া যাবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান জানান, চার মাস পর এদিন প্রথমবারের মতো ৯ ট্রাক চাল দেশে প্রবেশ করেছে, শিগগিরই আরও চাল আমদানি হবে।
বেনাপোল উদ্ভিদ সঙ্গনিরোধকেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ বলেন, সর্বশেষ গত ১৫ এপ্রিল এ বন্দর দিয়ে চাল আমদানি হয়েছিল। বৃহস্পতিবার থেকে পুনরায় চাল আমদানি শুরু হয়েছে এবং আমদানিকৃত চাল দ্রুত পরীক্ষার পর ছাড়করণ করা হবে।



