tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদআন্তর্জাতিকভদ্র সাজার দিন শেষ, ইরানকে কড়া বার্তা ট্রাম্পের

ভদ্র সাজার দিন শেষ, ইরানকে কড়া বার্তা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মালিকানাধীন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানকে নিয়ে তীব্র মন্তব্য করেছেন। তিনি বলেন, ইরান এখনো নিজেদের অবস্থান গোছাতে পারেনি এবং একটি নন-নিউক্লিয়ার চুক্তি কীভাবে করতে হয়, সে বিষয়ে তাদের পরিষ্কার ধারণা নেই। দ্রুত ‘বুদ্ধিমান’ হওয়ারও আহ্বান জানান তিনি। বুধবার (২৯ এপ্রিল) দেওয়া ওই পোস্টের তথ্য প্রকাশ করেছে সিএনবিসি।

পোস্টটির সঙ্গে একটি এআই-নির্মিত ছবি যুক্ত ছিল, যেখানে ট্রাম্পকে বন্দুক হাতে বিস্ফোরণের পটভূমিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিতে লেখা ছিল, ‘নো মোর মি. নাইস গাই!’—অর্থাৎ ভদ্র সাজার দিন শেষ।

এই কড়া বার্তা এমন সময় এলো, যখন গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা তুঙ্গে এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

গত সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের ইসলামাবাদে  সফরের কথা থাকলেও ট্রাম্প তা বাতিল করেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সব কার্ড আমাদের হাতে।’ ইরান চাইলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে বলেও জানান তিনি।

এর আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে হওয়া আলোচনাও কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।

অন্যদিকে, তেহরান  থেকে প্রস্তাব দেওয়া হয়েছে—যুক্তরাষ্ট্র যদি বন্দর অবরোধ তুলে নেয় এবং চলমান উত্তেজনা কমে, তবে তারা পুনরায় হরমুজ প্রণালি খুলে দেবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট সোমবার এ তথ্য নিশ্চিত করেন।

তবে প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরে করার কথা থাকায় এতে অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে, হোয়াইট হাউস শিগগিরই একটি পাল্টা প্রস্তাব দিতে পারে।

এদিকে, ট্রাম্পের এই পোস্টের পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব পড়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ফিউচারস-এর দাম ২.৮২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০২.৭৫ ডলারে পৌঁছেছে। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে ১১৪.৬২ ডলারে দাঁড়িয়েছে।